বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা কারা ছিলেন, পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থান এবং তাঁদের সঙ্গে সাঈদ খোকনের যোগাযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। পাশাপাশি এ বিষয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতপরিচয় আসামিদের পরিচয় উদ্ঘাটন এবং সাঈদ খোকনকে যারা আশ্রয় দিয়েছেন, তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার কথা রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ওই মামলার এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে আদালতে হাজির করার পর শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
















