জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন এখনো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগের মতো ঐতিহাসিক নিদর্শন দ্রুত প্রদর্শনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন সানজিদা ইয়াসমিন তুলি।
সংসদে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম হওয়া ব্যক্তি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও শেষ স্মৃতিচিহ্ন দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। এসব নিদর্শনের মধ্যে রয়েছে শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি, বই ও স্কুলব্যাগ। তবে দুঃখজনকভাবে গুরুত্বপূর্ণ এসব স্মৃতিচিহ্নের সবগুলো এখনো জাদুঘরে যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না।
যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

এ সময় উদ্বেগ প্রকাশ করে সানজিদা ইয়াসমিন জানতে চান, যেসব স্মৃতিচিহ্ন এখনো প্রদর্শনে রাখা হয়নি, সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না। তিনি বলেন, এসব নিদর্শন শুধু শহীদ পরিবারের ব্যক্তিগত স্মৃতি নয়, বরং পুরো বাংলাদেশের জন্য মূল্যবান ঐতিহাসিক সম্পদ। তাই এগুলো যথাযথভাবে সংরক্ষণ এবং জনসাধারণের সামনে তুলে ধরতে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হলেও এর সার্বিক কার্যক্রম এখনো চলমান রয়েছে। এ কারণে পর্যায়ক্রমে সংগৃহীত সব স্মৃতিচিহ্ন জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানকে দেশের অন্যতম ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হিসেবে বিবেচনা করে। তাই এ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সব স্মৃতিচিহ্ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাদুঘরে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় প্রদর্শন থেকে বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোর একটি লিখিত তালিকা সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনকে দেওয়ার অনুরোধ জানান মন্ত্রী। তালিকা পেলে সেগুলো দ্রুত বিবেচনা করে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।
















