পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণায় সময় লাগলেও আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সভা স্থগিতের পেছনে কোনো ধরনের চাপ ছিল না বলেও দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, মজুরি বোর্ডের সর্বশেষ সভাটি স্থগিত করা হয়েছে বোর্ডের একজন প্রতিনিধির অসুস্থতার কারণে। এ সিদ্ধান্তের পেছনে কোনো ধরনের চাপ বা প্রভাব ছিল না। আগামী ২৩ নভেম্বর পুনরায় সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ও ঘোষণার তারিখ যেদিনই হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। অর্থাৎ মজুরি ঘোষণায় বিলম্ব হলেও কার্যকরের ক্ষেত্রে নির্ধারিত তারিখ পরিবর্তন হবে না।
এদিকে পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসনে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কোনো ভুল বা ভুয়া তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করার অনুরোধ জানানোর পাশাপাশি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বানও জানান বোর্ড চেয়ারম্যান।
উল্লেখ্য, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এই বোর্ডের দায়িত্ব হচ্ছে পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা।
এখন বোর্ডের পরবর্তী সভার দিকে তাকিয়ে রয়েছেন পোশাকশিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টরা। নতুন মজুরি কত নির্ধারণ করা হয় এবং কবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, সে বিষয়ে অপেক্ষা করছেন শ্রমিকেরা।

















