জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা করেও প্রথমে তাঁকে নামাতে পারেননি। অবশেষে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিজেই গাছ থেকে নিচে নেমে আসেন ওই যুবক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে টিক্কাপট্টি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। একপর্যায়ে তাঁকে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া করেন স্থানীয়রা। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে গিয়ে একটি ডাবগাছে উঠে পড়েন তিনি। এরপর দীর্ঘ সময় পার হলেও গাছ থেকে নামতে রাজি হননি।
পরিস্থিতি দেখে রাত ১০টার দিকে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। বিভিন্ন কৌশলে তাঁকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এমনকি বুঝিয়ে এবং টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাঁকে নামানো সম্ভব হয়নি।
ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

অবশেষে রাত সাড়ে ১২টার দিকে প্রায় সাড়ে তিন ঘণ্টা গাছে অবস্থানের পর নিজেই নিচে নেমে আসেন ওই যুবক।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, এক যুবক চুরির চেষ্টা করতে গিয়ে ডাবগাছে আটকা পড়েছেন—এমন খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না।
তিনি আরও জানান, ওই যুবকের ধারণা ছিল, গাছ থেকে নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। এ কারণে তাঁকে অনেক বুঝিয়েও নামানো যাচ্ছিল না। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। ভয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে তাঁকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।
















