আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার আগে নিজের শহর রোজারিওতে ফিরেছেন লিওনেল মেসি। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে দেশে ফেরেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। রোজারিওর ফুনেসের বাড়িতে কিছু সময় কাটিয়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দেবেন তিনি। এরপর অপেক্ষা শুধু বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের।
পরিকল্পনার চেয়ে এক দিন আগেই আর্জেন্টিনায় ফিরেছেন মেসি। তবে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে প্রস্তুতির জন্য সময় পাচ্ছেন খুব কম। বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে যোগ দিয়ে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচের আগে মাত্র একটি পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টালে। প্রতিপক্ষ বেনিন। ম্যাচটির সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে সেদিন ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে উঠবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের বিদায়ের মুহূর্ত।
মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মেসি। দুই দশকেরও বেশি সময় আর্জেন্টিনার জার্সিতে খেলার পর তিনি জানান, এবার জাতীয় দলে নতুন প্রজন্মের সামনে এগিয়ে আসার সময়। দীর্ঘ এই পথচলায় দেশের হয়ে অসাধারণ এক উত্তরাধিকার গড়ে গেছেন তিনি।
মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা ও কাতার বিশ্বকাপের শিরোপা। এরপর ২০২৪ কোপা আমেরিকাতেও শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও তার নেতৃত্বে দল ফাইনালে ওঠে। জাতীয় দলের হয়ে এমন সাফল্যের পর এবার শেষবারের মতো আকাশি-সাদা জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা।
রোজারিও থেকে ইজেইজা, এরপর জাতীয় দলের শেষ অনুশীলন। সবশেষে বুয়েনস এইরেসের মনুমেন্টাল। সেখানেই আর্জেন্টিনার জার্সিতে মেসির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য মঞ্চস্থ হওয়ার অপেক্ষা।

















