গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী এ বাহিনী।
মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।
















