মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ এবং চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাদক, অনলাইন অপরাধ ও শিশু নির্যাতন প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মো. আশিস হাসান এবং ঝিনাইদহ জেলা বিআরডিবির উপপরিচালক সুজিত কুমার বিশ্বাস।
বন্ধ ১৭ কারখানা, গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ!

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, শিশু নির্যাতন ও মাদকাসক্তি সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোরীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং যেকোনো ধরনের নির্যাতন, বাল্যবিবাহ ও অনলাইন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং শিশুদের সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের দায়িত্ববোধ জাগ্রত করা এবং নারীদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা একটি সচেতন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

















