২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ শুনানি আজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায়। ফলে আজকের শুনানির মধ্য দিয়ে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সেদিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগগুলো ট্রাইব্যুনালে তুলে ধরেন। পাশাপাশি মামলার পটভূমি এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা উপস্থাপন করেন। শেখ হাসিনার শাসনব্যবস্থা কীভাবে স্বৈরাচারী হয়ে উঠেছিল, সে বিষয়েও বক্তব্য দেন তিনি।
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন!

শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণের পাশাপাশি প্রয়োজনের চেয়েও বেশি উপাদান রয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। পরে আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
মামলার অন্য আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এ ছাড়া পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তালিকায় আরও রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা।
মামলার কার্যক্রমে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেওয়া হয়।
পরে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় মোট দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রসিকিউশনের অভিযোগে দুই দিনের ঘটনায় মোট ৫২ জনকে হত্যার বিষয়টি তুলে ধরা হয়েছে।
সব মিলিয়ে ৪১ আসামির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আজ ট্রাইব্যুনালে আসামিপক্ষের বক্তব্য শোনা হবে। এরপর অভিযোগ গঠন ও বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনাল পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ফলে শাপলা চত্বরের এই মামলার পরবর্তী অগ্রগতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
















