ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং গ্রেফতার হওয়া কয়েকজনকে ছিনিয়ে নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এতে নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এতে কয়েকজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা গ্রেফতার হওয়া নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যান এবং থানায় আগুন দেন। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এখনো সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। থানা চত্বরের পাশে পুলিশের মেসেও আগুন দেওয়া হয়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে রেখেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
















