সৈয়দ আরমান, চট্টগ্রাম (বোয়ালখালী) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরায় বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন, স্মৃতিচারণ ও গুণীজনদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহিয়সী নারী মনিবালা বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ৯৯ বছর বয়সে তাঁর প্রয়াণে পরিবার, স্বজন, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা গভীর শ্রদ্ধা জানান। গত ১২ নভেম্বর তাঁর শেষকৃত্য উপলক্ষে শাকপুরা লালচাঁদ বিহার প্রাঙ্গণে অনিত্য-স্মৃতিচারণ ও পুণ্যদানসভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বৌদ্ধ কীর্তনমালা ও সংঘদানের মধ্য দিয়ে প্রয়াতের স্মরণে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
মনিবালা বড়ুয়া ছিলেন বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা লালচাঁদ বাড়ির বিশিষ্ট লেখক, কীর্তনশিল্পী ও ডাক পরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়ার সহধর্মিণী। গত ১২ নভেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৯৯ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।
মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

তাঁর শেষকৃত্য উপলক্ষে ১২ নভেম্বর বেলা ৩টায় শাকপুরা লালচাঁদ বিহার প্রাঙ্গণে অনিত্য-স্মৃতিচারণ ও পুণ্যদানসভার আয়োজন করা হয়। ভদন্ত এস লোকপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. এস লোকজিৎ মহাস্থবির। শাকপুরা লালচাঁদ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলপাল মহাস্থবির উদ্বোধনী দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিশ্বমিত্র মহাস্থবির, ভদন্ত দীপানন্দ মহাস্থবিরসহ প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষুসংঘ।
মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াতার পারিবারিক পরিচিতি তুলে ধরেন তাঁর তৃতীয় পুত্র অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার অমিয় কান্তি বড়ুয়া। বিশিষ্ট কীর্তনশিল্পী চানক্য বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন।
স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উদয় প্রসাদ বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি ও হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সমাজসেবক কল্যাণমিত্র বড়ুয়া, সমাজ সংগঠক অদীপ বড়ুয়া, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষু কুমার বড়ুয়া, ডা. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুনীল কান্তি বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ সমাজ সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলমগীর, শাকপুরা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ, ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ বিভিন্ন এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন এপিএল কান্ট্রি ম্যানেজার রোটারিয়ান সঞ্চয়ন বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন শাকপুরা লালচাঁদ বিহার সেবা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শম্ভুমিত্র বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুটবলার তন্ময় বড়ুয়া সাজু ও উজ্জ্বল বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রকৌশলী তরুণ তপন বড়ুয়া, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, ব্যাংকার কনক বড়ুয়া ও শিমূল তাপস বড়ুয়া, কাফকোর প্রশাসনিক কর্মকর্তা সমীরন বড়ুয়া, অমিতাভ পত্রিকার সম্পাদক শ্যামল চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, কণ্ঠশিল্পী জুসি বড়ুয়া, বিজিসি ট্রাস্ট কলেজের অধ্যাপক সুকান্ত বড়ুয়া, সংগঠক জ্যোতিমান বড়ুয়া, বিকাশ বড়ুয়া, রাজীব বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া এবং বৌদ্ধদের সংবাদের প্রধান সম্পাদক পিযুষ বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
স্মৃতিচারণ ও পুণ্যদানসভা শেষে শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে তাঁর দাহকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, প্রয়াত মনিবালা বড়ুয়ার স্মরণে ১৩ নভেম্বর রাত ৮টায় পটিয়া উপজেলার পাঁচরিয়া গ্রামের কীর্তনশিল্পী অসীম বড়ুয়া ও তাঁর দলের পরিবেশনায় বৌদ্ধ কীর্তনমালা ও সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। কীর্তনশিল্পী চানক্য বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনোজ বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। এ সময় বিশেষ অতিথিরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া ১৪ নভেম্বর সকাল ১০টায় স্থানীয় ‘মা মনি ভবন’ চত্বরে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভদন্ত এস লোকপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ধর্মীয় আয়োজনে প্রয়াতার আত্মার শান্তি কামনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়।

















