বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে জন্ম নেয় দ্বিতীয় কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন এই ক্রিকেটার।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দ্বিতীয়বার বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাইফউদ্দিন। সেখানে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আবারও কন্যাসন্তানের বাবা হতে পেরে তিনি আনন্দিত ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন।
এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই ক্রিকেটার। বর্তমানে তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

এদিকে চোটের কারণে বর্তমানে ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন ডানহাতি এই পেসার। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি। মাঠের বাইরে থাকার এই সময়েই ব্যক্তিজীবনে পেলেন বড় এক সুখবর।
সাইফউদ্দিনের দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর সতীর্থ, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। নতুন অতিথিকে ঘিরে সাইফউদ্দিনের পরিবারে এখন বইছে আনন্দের হাওয়া।

















