আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসে প্রস্তুত মঞ্চ, আর মেসির ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি দেখতে ইতোমধ্যে সেখানে ছুটছেন অসংখ্য ভক্ত-সমর্থক। তবে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অগণিত মেসিভক্তের পক্ষে সরাসরি বুয়েনস আইরেসে যাওয়া সম্ভব নয়। তাই তাদের আগ্রহ—কোথায় দেখা যাবে মেসির বিদায়ী ম্যাচ?
বাংলাদেশ কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ায় আর্জেন্টিনাকে ঘিরে সমর্থকদের উন্মাদনা সবসময়ই তুঙ্গে। তবে এবার এই অঞ্চলের কোনো টেলিভিশন চ্যানেল আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। ফলে টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখার সুযোগ থাকছে না।
তবে অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি৫ (ZEE5)-এর মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। এ ছাড়া ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডিতেও ম্যাচটি সম্প্রচারিত হবে। এসব প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে নির্ধারিত সাবস্ক্রিপশন খরচ দিতে হবে।
বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

এর বাইরে বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও অনেক সমর্থক খেলা দেখেন। স্পোর্টসপাই ও ক্রিড়া টিভির মতো অ্যাপসে ম্যাচটি পাওয়া যেতে পারে। তবে এসব অনানুষ্ঠানিক মাধ্যমে সম্প্রচার নিশ্চিত নয় এবং স্ট্রিমিংয়ের মান বা স্থায়িত্বও সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির ২১ বছরের পথচলার ইতি ঘটবে।
আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী ৬ অক্টোবর রাত ৮টায় শুরু হবে ম্যাচ। বাংলাদেশ সময় অনুযায়ী মেসির বিদায়ী ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর বুধবার ভোর ৫টায়।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।
অর্থাৎ, ৬ অক্টোবরের রাত পেরিয়ে বাংলাদেশে যখন নতুন দিন শুরু হবে, তখনই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।
সূত্র: tsports

















