ফুটবলের মাঠে একের পর এক রেকর্ড, অসংখ্য শিরোপা আর আটটি ব্যালন ডি’অর জয়ের পর এবার লিওনেল মেসির নামের পাশে যুক্ত হতে যাচ্ছে ‘ডক্টর’ খেতাব। আর্জেন্টিনার অন্যতম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব বুয়েনস আইরেস (UBA) তাকে সম্মানসূচক ‘ডক্টর অনোরিস কসা’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ব ক্রীড়াঙ্গনে মেসির অসামান্য অবদান এবং আর্জেন্টাইন সমাজে তার ইতিবাচক প্রভাবের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে মেসিকে এই মর্যাদাপূর্ণ একাডেমিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী মঙ্গলবার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে দেশের মাটিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়কের।
মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদায়ী ম্যাচের আগে এক বিশেষ আয়োজনে মেসির হাতে সম্মানসূচক এই ডক্টরেট তুলে দেওয়া হবে। ফলে দেশের জার্সিতে শেষ ম্যাচের আগে আরও একটি বিশেষ অর্জনের সাক্ষী হতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও একাধিক কোপা আমেরিকা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মেসি সম্প্রতি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছেন। তার বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
মাঠের অসংখ্য অর্জনের পর এবার একাডেমিক অঙ্গন থেকেও এমন বিরল সম্মান পেতে যাচ্ছেন মেসি। ফলে তার বিদায়ের মুহূর্তে নতুন এই স্বীকৃতি যোগ করেছে বাড়তি উচ্ছ্বাস।

















