এশিয়ান গেমসে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে গেলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে। ব্রোঞ্জ পদকের লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে হতাশ টাইগাররা। দলের এমন পারফরম্যান্সের পর কোনো অজুহাত না দিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন অধিনায়ক লিটন দাস।
শনিবার (৩ অক্টোবর) সকালে জাপানের নিশিনে অনুষ্ঠিত ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে যায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে লিটন দাস বলেন, ‘আমরা বাজে ক্রিকেট খেলেছি।’ শ্রীলঙ্কার ইনিংসের শুরুতে বোলাররা ভালো করলেও পরে এক ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ।
মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

লিটন বলেন, প্রথম আট ওভার পর্যন্ত বাংলাদেশের বোলিং ভালো ছিল। এরপর কঠিন উইকেটে শ্রীলঙ্কার এক ব্যাটসম্যান যেভাবে শট খেলেছেন, তা ছিল অবিশ্বাস্য। সেই সময় বোলাররা কীভাবে ম্যাচে ফিরবে, তার কোনো উপায় খুঁজে পায়নি। অসাধারণ ইনিংসের জন্য ওই ব্যাটসম্যানকে কৃতিত্বও দেন তিনি।
শ্রীলঙ্কার বড় সংগ্রহের জবাব দিতে নেমেও ব্যাট হাতে ব্যর্থ হয় বাংলাদেশ। লিটনের ভাষায়, ‘আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই তাদের ছুড়ে দেওয়া রান কাভার আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।’
ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়ায় হতাশা লুকাননি বাংলাদেশ অধিনায়ক। তিনি জানান, এশিয়ান গেমসে ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই তারা এসেছিলেন। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় ব্রোঞ্জ জয়ের সুযোগটিকে বিকল্প হিসেবে দেখেছিলেন তারা। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেননি।
তবে এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী লিটন। ক্রিকেটারদের সব ধরনের সুযোগ-সুবিধা থাকার পরও প্রত্যাশা পূরণ না হওয়ায় দলের প্রত্যেকেরই খারাপ লাগা স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
লিটন বলেন, বাংলাদেশ দল অতীতেও অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। আবারও ভালো করার জন্য দল চেষ্টা করবে বলেও জানান তিনি।

















