এক বছরেই স্পেনের দুটি ফুটবল ক্লাবের মালিক হলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে পঞ্চম বিভাগের ক্লাব ইউই কর্নেয়ারের মালিকানা নিয়েছিলেন মেসি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এলদেনসে এক বিবৃতিতে মেসির মাধ্যমে ক্লাবটির অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে। তবে চুক্তিটি এখনো স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ক্লাবটি জানিয়েছে, মেসির মালিকানায় আসার মধ্য দিয়ে শত বছরের বেশি পুরোনো এলদেনসের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘমেয়াদি এই প্রকল্পের লক্ষ্য ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নেওয়া।
মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

এলদেনসে এর আগে কলম্বিয়ার একটি বিনিয়োগ গোষ্ঠীর মালিকানাধীন ছিল। মেসি ওই গোষ্ঠীর হাতে থাকা ক্লাবটির সব শেয়ার অধিগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ মালিক হয়েছেন। চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে স্পেনের আলিকান্তে প্রদেশের এলদা শহরে অবস্থিত। বর্তমানে ক্লাবটি দেশটির দ্বিতীয় বিভাগে খেলছে। অন্যদিকে, বার্সেলোনার কাছের কর্নেয়া স্পেনের নিচের স্তরের ফুটবলে খেলছে। দুই ক্লাবের মধ্যে কয়েক ধাপের ব্যবধান থাকায় একই সময়ে দুটি ক্লাবের মালিকানা নিয়ে তাৎক্ষণিক কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেসির জন্য এটি পেশাদার ফুটবলে মালিক হিসেবে বড় একটি পদক্ষেপ। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পাশাপাশি এবার স্প্যানিশ ফুটবলে দুটি ক্লাবের মালিকানায় যুক্ত হলেন তিনি।

















