দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর নতুন গান প্রকাশের পর একটি দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গানের রোমান্টিক দৃশ্যে শুভশ্রীর গলার কাছে লালচে দাগ দেখা যাওয়ায় অনেকে সেটিকে ‘লাভ বাইট’ বলে মন্তব্য করছেন। কেউ রসিকতা করছেন, আবার কেউ দৃশ্যটি নিয়ে প্রশ্ন তুলেছেন।
আসন্ন পূজায় মুক্তি পেতে যাওয়া সিনেমাটির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। গানের ভিডিওতে কালো শাড়িতে দেখা গেছে শুভশ্রীকে। তার সঙ্গে কালো শার্ট ও ট্রাউজারে রয়েছেন দেব।
গানের ভিডিওর ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের অংশে দেব ও শুভশ্রীকে ঘনিষ্ঠ রোমান্টিক মুহূর্তে দেখা যায়। সেখানে দেবকে চোখ বন্ধ করে শুভশ্রীর গলার কাছে চুমু খেতে দেখা যায়। ঠিক সেই সময় গানের কথায় শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ দৃশ্যটিতে শুভশ্রীর গলার কাছে লালচে একটি ছাপ নজরে আসতেই তা নিয়ে শুরু হয় নেটিজেনদের আলোচনা।
২৪ বছর পর ভাইরাল নায়ক মান্নার সেই বক্তব্য, ‘আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি’

দৃশ্যটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একজন নেটিজেন রসিকতা করে প্রশ্ন করেছেন, ‘এটা কি ছারপোকার কামড়ের দাগ?’ আরেকজন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘এই লাভ বাইট কি রাজ দা তুমি দিয়ে পাঠিয়েছিলে শুটিংয়ে?’
তবে এই দৃশ্য নিয়ে আলোচনার পাশাপাশি দেব ও শুভশ্রীর পর্দার বাইরের কিছু মুহূর্তও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি সিনেমার প্রচারণার এক অনুষ্ঠানে মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে চুমু খান দেব। এ ছাড়া শুভশ্রীকে কোলে তুলে ছবি তোলার ঘটনাও সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছিল। নতুন গানের দৃশ্য প্রকাশের পর সেই ঘটনাগুলোও আবার সামনে এসেছে।
একসময় সম্পর্কে থাকা দেব ও শুভশ্রী বর্তমানে একে অপরের প্রাক্তন। তবে ব্যক্তিগত সম্পর্কের বাইরে কাজের সূত্রে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা। আর সিনেমা মুক্তির আগেই নতুন গানটির একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘দেশু ৭’-এর। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেবের। ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি।
















