ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মিয়া হোসেন রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আজিজুর রহমান হেলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “শিক্ষার কোনো বিকল্প নেই। মেয়েরা হচ্ছে মায়ের জাতি। তারা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম আরও উন্নত ও শিক্ষিত হবে।” শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, নিয়ামুল হক, মোস্তাক আহমেদ, নাজমুল হক, কামাল মিয়া, ইয়ার মোহাম্মদ রাসেল এবং সাদ্দাম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
















