চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর খুলশীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা এবং ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি মো. সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডের আকবর শাহ (রহ.) জামে মসজিদের বিপরীতে ‘আছিয়া স্টিল’ নামের একটি ওয়ার্কশপের সামনে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন: মো. সোহাগ (২৬) ও মো. জাহাঙ্গীর হোসেন (৪২)। সোহাগ চট্টগ্রামের ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশন এলাকার এনায়েত আলীর বাগার বাড়ির শফিক মিয়ার ছেলে। আর জাহাঙ্গীর কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উত্তরপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

এসআরবি ৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। পরে আভিযানিক দলের সদস্যরা তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা ছয়টি বোতলে মোট ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কি এবং একটি ট্রাভেল ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি প্যাকেটে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সোহাগ পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামশুল হক রানা মির্জার অনুসারী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, সোহাগ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাহাড়তলী থানা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।
আটক দুই ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মোটরসাইকেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

















