ফেনী প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ফেনী প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
এ সময় আরও বক্তব্য দেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মনির হোসেন, বিএমইউজে ফেনী জেলা কমিটির সহসভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান পলাশ, সহদপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিন সবুজ, আমির হোসেন তানভীর, প্রচার সম্পাদক আরাফাত হোসেন এবং সদস্য এসএইচ খোকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, গত গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে নেত্রকোনার কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ নিহত হন। তিনি একটি বেসরকারি আইপি টিভিতে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতেন তিনি। তার বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
মানববন্ধন থেকে বিএমইউজে নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সব দুর্বৃত্ত ও মূল পরিকল্পনাকারীকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারকে নিরাপত্তা ও উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং মফস্বলসহ সারা দেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিকদের পক্ষ থেকে সারা দেশে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

















