কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে রিসোর্টের একটি কক্ষে আগুনে আটকা পড়ে তার মৃত্যু হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় নাসরিন একটি কক্ষে অবস্থান করছিলেন। সেখানেই আটকা পড়ে প্রাণ হারান তিনি।
নাসরিনের স্বামী দেওয়ান ফয়সাল জানান, তার স্ত্রী ও সঙ্গে বেড়াতে যাওয়া বান্ধবীরা ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে পড়াশোনা করেছেন। গত বৃহস্পতিবার তারা কক্সবাজারে বেড়াতে যান। রোববার তাদের ঢাকায় ফেরার কথা ছিল। তবে তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান নাসরিন।
বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

স্ত্রীর মরদেহ আনতে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান ফয়সাল।
ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী অবস্থান করছিলেন। সকালে নাসরিনের দুই বান্ধবী কিছুক্ষণ আগেই কক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। তবে নাসরিন কক্ষে থাকায় আগুনের মধ্যে আটকা পড়েন এবং তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, অগ্নিকাণ্ডের পর উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

















