রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে চালানো এ অভিযানকে তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করার শামিল বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমের নামে এমন কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন একটি মাদকের আস্তানায় অভিযান চালান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আকস্মিক এ অভিযানে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তিনি। অভিযানের সময় তাঁর হাতে পিস্তল সদৃশ একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়। পরে অভিযানের ভিডিও নিজের ফেসবুক পেজেও প্রকাশ করেন তিনি।
ইশরাক হোসেনের এ অভিযান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

এক বিবৃতিতে তিনি বলেন, সমাজ, বন্দর, নগর, অলিগলি ও পাড়া-মহল্লা থেকে মাদক নির্মূল হোক, তা সবাই চান। তাঁর দলও দীর্ঘদিন ধরে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে ইশরাক হোসেনের এমন মহড়া তাঁকে হতাশ করেছে।
শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মূলত সন্ত্রাসবাদকে উৎসাহিত করা হয়েছে। তাঁরা এসব কর্মকাণ্ড ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে সরকারের মাদকবিরোধী কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের এ নেতা। তাঁর অভিযোগ, সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের ঘোষণা দিচ্ছে, অন্যদিকে নিজেদের নেতাকর্মীদের মাদক থেকে দূরে রাখতে পারছে না।
তিনি দাবি করেন, মাদক কারবারের ঘটনায় আটক ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর অভিযোগ, অনেকেই সামান্য মুচলেকা দিয়ে মুক্ত হয়ে আবারও আগের কর্মকাণ্ডে ফিরে যাচ্ছেন। এ পরিস্থিতিতে সরকার ও প্রশাসন কার্যকর পদক্ষেপের পরিবর্তে জাতির সামনে নাটক উপস্থাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতির শেষাংশে শেখ ফজলুল করীম মারুফ সরকারকে সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
















