শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে দেশের তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। একই দিনে রাজশাহীতে একটি জনসভায়ও ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুর যাবেন। এরপর রাজশাহী হয়ে সবশেষে চট্টগ্রাম সফর করবেন।
অতিরিক্ত প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো সরকারপ্রধান রাজধানী ঢাকার বাইরে গিয়ে সরাসরি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করতে যাচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রী পূজামণ্ডপে উপস্থিত ভক্ত ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় শুভেচ্ছা জানাবেন।
‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!

ঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।
রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখানে পৌঁছে দুপুর সাড়ে ১২টার পর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে সাময়িক বিরতি শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহীর কর্মসূচি শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তারেক রহমান।
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উদযাপিত হবে। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই শারদীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
















