মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাদক নির্মূলের লক্ষ্য থেকে মনোযোগ সরে যাওয়ার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে প্রতিমন্ত্রীর পদে না থাকলেও মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, মাদক নির্মূলের লক্ষ্য থেকে তাঁর মনোযোগ সরিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র থাকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হওয়ায় মূল বিষয়টি আড়ালে পড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক বলেন, ‘আমি মাদককে নির্মূল করতে চাই—এই জায়গা থেকে পুরো দৃষ্টি সরিয়ে দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্রটি হাতে রেখেছিলাম। কিন্তু নানা মহলে এই বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।’
জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’

সাম্প্রতিক অভিযানের বিষয়ে তিনি জানান, গেন্ডারিয়া এলাকায় অভিযানে যাওয়ার দিন সংশ্লিষ্ট থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। কখন পুলিশ ঘটনাস্থলে আসবে, সে বিষয়েও তাদের অবহিত করা হয়।
ইশরাকের ভাষ্য অনুযায়ী, তিনি ঘটনাস্থলে প্রবেশ করার পর প্রায় ২৫ থেকে ৩০ জন মানুষ ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে একদল লোক তাঁদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে নিজের বৈধ আগ্নেয়াস্ত্রটি হাতে রাখেন তিনি। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আত্মরক্ষার জন্যই অস্ত্রটি হাতে রেখেছিলেন বলে দাবি করেন ইশরাক।
এ সময় কিছু গণমাধ্যমে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এতে মাদক নির্মূলের মূল লক্ষ্য থেকে আলোচনা অন্যদিকে চলে গেছে।
পদত্যাগের ঘোষণা দিলেও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। প্রতিমন্ত্রীর পদে না থেকেও মাদক নির্মূলে কাজ করে যেতে চান বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। অবশেষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

















