ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রতিরক্ষামূলক আকাশ অভিযান পরিচালনা করবে এসব যুদ্ধবিমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রিটিশ সরকার এ ঘোষণা দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে কাজ করবে।
গত দুই মাসে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর আগে থেকেই সৌদি আরবকে আকাশপথে জ্বালানি সরবরাহের সহায়তা দিয়ে আসছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ব্রিটিশ সেনাও মোতায়েন রয়েছে।
মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বললেন অভিজিৎ দীপকে!

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবে মোতায়েন করা টাইফুন যুদ্ধবিমান হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজে ব্যবহার করা হবে। তবে ইয়েমেনে কোনো ধরনের হামলা চালাতে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ওই মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। সে সময় ইরান থেকে আসা একটি বিমান বিমানবন্দরে অবতরণ করছিল। তবে হামলায় বিমানটির কোনো ক্ষতি হয়নি।
এ ঘটনার পর ক্ষুব্ধ হুথিরা লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। একই সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘোষণাও দেয় তারা। হুথিদের দাবি, তাদের ওপর সৌদি আরবের আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এ দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা বাড়তে থাকে।
এদিকে ইয়েমেনের স্থলভাগেও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের লড়াই চলছে। দেশটির আরও ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে হুথিরা।
সূত্র: সিএনএন
















