ইরাকে এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। মেয়েদের পর এবার ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। এই জয়ে টুর্নামেন্টে বাংলাদেশের মোট পদকসংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে, যার মধ্যে রয়েছে দুটি স্বর্ণ, দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ।
ফাইনালে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের আর্চারদের। প্রথম সেটে কাজাখস্তানের কাছে ৫০-৫৩ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আলিফ, সাগর ও রাফি। তবে শুরুতে পিছিয়ে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ান তাঁরা। পরের তিন সেটেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেন বাংলাদেশের আর্চাররা।
দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ ব্যবধানে জয় পান তাঁরা। শেষ পর্যন্ত ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয়ের আনন্দে মাতেন বাংলাদেশের তিন আর্চার।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: শেষ মুহূর্তের চোটে ছিটকে গেলেন মুশফিক

এর আগে এলিমিনেশন রাউন্ডে সরাসরি পরের ধাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। এরপর সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি। ফাইনালেও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন আলিফ, সাগর ও রাফি।
এর আগে বুধবার টুর্নামেন্টের কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন কুলসুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাস। ফলে নারী ও পুরুষ—দুই বিভাগেই স্বর্ণ জয়ের সাফল্য পেল বাংলাদেশ।
এ ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপার পদক জিতেছে বাংলাদেশ। ব্যক্তিগত ইভেন্টে কম্পাউন্ড পুরুষ বিভাগে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী বিভাগে কুলসুম আক্তার মনি জিতেছেন ব্রোঞ্জপদক।
এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের ঝুলিতে এখন দুটি স্বর্ণ, দুটি রুপা ও দুটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক। নারী ও পুরুষ আর্চারদের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারির শক্ত অবস্থানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

















