ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। তবে পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম আলোচনায় আসে। তাদের মধ্যে ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের কেউ নন, শাকিবের নতুন নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী।
নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এখনই তার পরিচয় প্রকাশ করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের সঙ্গে দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। তবে আড়ালেই রাখা হয়েছে তার মুখ।
বোমা হামলার হুমকির পর বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ!


পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন তিনি। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।
টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন কিনজা। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে তার। বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে এটি হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়।
শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় অবশ্য নতুন নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। এ ছাড়া বলিউড অভিনেত্রী সৌনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীর সঙ্গেও কাজ করেছেন।
শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফের আগের দুই সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় তার নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে নেওয়ার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা।
জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

















