মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবন ‘জলসা’র বাইরে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে গত রোববার সেই চেনা আয়োজনেই দেখা গেল ভিন্ন চিত্র। এবার ভক্তদের সামনে এলেন স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বিশেষ নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অমিতাভ বচ্চনের বাসভবনে বোমা হামলার হুমকি দিয়ে একটি অজ্ঞাতপরিচয় ই-মেইল পাঠানো হয়। এরপর মুম্বাই পুলিশের পরামর্শে তার বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর অংশ হিসেবে তৈরি করা হয় স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বেষ্টনী।

কাচের বেষ্টনীর ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানান অমিতাভ। এ সময় তার পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। পুরো এলাকায় নিরাপত্তারক্ষীদেরও কড়া নজরদারি ছিল।
শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়েসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে সম্প্রতি একটি হুমকিমূলক ই-মেইল আসে। এতে মেয়রের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট, অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ এবং কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এসব হামলা হতে পারে বলে ই-মেইলে উল্লেখ করা হয়। এ ঘটনায় মুম্বাই পুলিশসহ নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, অমিতাভ বচ্চনসহ বলিউডের কয়েকজন শীর্ষ তারকার বাড়ির আশপাশে আগে থেকেই নজরদারি চালিয়েছিল অভিযুক্তরা।
এসব ঘটনার পর অমিতাভের বাসভবন ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড ও বুলেটপ্রুফ কাচের বিশেষ বেষ্টনী। তবে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও ভক্তদের সঙ্গে প্রতি রোববারের সাক্ষাতের দীর্ঘদিনের রীতি বজায় রেখেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
















