বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।
নিহত আলী মুসা শেখ একই গ্রামের মৃত আজিত শেখের ছেলে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। তবে ততক্ষণে ঘরসহ ভেতরে থাকা নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরে থাকা জমি বিক্রির নগদ টাকাসহ সব মালামাল ও জিনিসপত্র পুড়ে তাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুকান্ত কুন্ডু বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। তবে আমাদের খবর দেওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটতে পারে।
ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হন। কিন্তু রাস্তা সরু হওয়ায় সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে বালতিতে পানি নিয়ে যতটা সম্ভব আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে নিরূপণ করা যায়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে গিয়ে এক প্রতিবেশী মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
















