আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে লিওনেল মেসির বিদায়ের পর তাঁর বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রায় দুই দশক ধরে এই জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে মেসির বিদায়ের পরপরই আইকনিক এই জার্সি অন্য কারও হাতে তুলে দিতে চাইছে না আর্জেন্টিনার কোচিং স্টাফ। আগামী দুই প্রীতি ম্যাচে ১০ নম্বর জার্সি ফাঁকাই রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এই দুই ম্যাচে কোনো ফুটবলারকেই ১০ নম্বর জার্সি দেওয়া হবে না।
মেসির দীর্ঘদিনের ব্যবহৃত এই জার্সি এখন আর্জেন্টিনা ফুটবলের বিশেষ এক প্রতীকে পরিণত হয়েছে। তাই তাঁর বিদায়ের পরই নতুন কাউকে এই জার্সির দায়িত্ব দিতে তাড়াহুড়ো করতে চাইছে না দলটির কোচিং স্টাফ।
হাসান মাহমুদের ফাইফারে স্বস্তি, ৩২২ রানে ৮ উইকেট হারিয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ!

তবে ভবিষ্যতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে নিকো পাজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর নাম।
এই তালিকায় সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলা তরুণ ফুটবলার নিকো পাজকে। জাতীয় দলের হয়ে টানা তিন ম্যাচে গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
পাজের পারফরম্যান্সে মুগ্ধ সতীর্থ ভালেন্তিন বারকোও তাঁকে ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করি, ১০ নম্বর জার্সিটা ও-ই পাবে। সেটা হলে আমার খুব ভালো লাগবে।’
তবে শেষ পর্যন্ত মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আর্জেন্টিনার সমর্থকদের।
















