জনস্বার্থে সড়ক সম্প্রসারণের জন্য নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে জায়গা ছেড়ে দিয়েছেন কুমিল্লার চান্দিনার সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন। চান্দিনা পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সম্প্রসারণের কাজ বাস্তবায়নে এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তার এই উদ্যোগে সড়ক উন্নয়নকাজে ব্যক্তিগত সম্পত্তি ছাড় দেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে চান্দিনা পৌরসভার সড়ক দুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আতিকুল আলম শাওন। সড়ক দুটি হলো চান্দিনা ডাকঘর থেকে শ্রীমন্তপুর ব্রিজ পর্যন্ত এবং হাজী সাহেবের মোড় থেকে কাঠেরপুল পর্যন্ত।
সড়ক দুটির নির্মাণ ও সম্প্রসারণ করা হবে বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরইউটিডিপি প্রকল্পের আওতায়। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা।
এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও স্থায়ী জনবল কাঠামোর দাবিতে মানববন্ধন

সড়ক সম্প্রসারণের স্বার্থে নিজের বাড়ির নিরাপত্তাপ্রাচীর অপসারণে নিজেই উদ্যোগ নেন সংসদ সদস্য শাওন। তার উপস্থিতিতে এক্সকাভেটর দিয়ে সীমানাপ্রাচীর ভাঙার কাজ শুরু হয়। এ সময় তিনি জানান, সম্প্রসারিত সড়কটি হবে ১৮ ফুট প্রশস্ত। পাশাপাশি নির্মাণ করা হবে ৪ ফুট প্রশস্ত বক্স ড্রেন। সব মিলিয়ে সড়কটির মোট প্রশস্ততা দাঁড়াবে ২২ ফুট।
এ সময় সড়কের পাশে থাকা বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদেরও উন্নয়নকাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। জনসাধারণের চলাচল সহজ করতে সড়ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

















