ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ হোসেন চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নারী (৩৪) চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।
নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!

আহত নারী জানান, তিনি চুয়াডাঙ্গা শহর থেকে ডিঙ্গেদহ বাজারে যাওয়ার জন্য যানবাহন খুঁজছিলেন। এ সময় সৌরভ তাকে মোটরসাইকেলে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। পরে তারা একসঙ্গে রওনা হলে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি ওই এলাকার একটি স্পিড ব্রেকারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই সৌরভের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
















