নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি তাঁর ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!

মামলার বিবরণে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করানোর পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের বিরুদ্ধে মামলা করেন।
এরপর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির প্রতিবেদনে শিশুটির কন্যাসন্তান ও আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া যায়। এর মাধ্যমে নবজাতকের জৈবিক বাবা হিসেবে সাগরের পরিচয় নিশ্চিত হয়।
পরে ২৭ আগস্ট সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার শেষে বুধবার আদালত সাগরকে মৃত্যুদণ্ড এবং মামুন মিয়াকে খালাস দেন।
















