ঢাকা প্রতিনিধি:
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, মহাসড়ক ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। মোতায়েন করা এসব সদস্যের তৎপরতায় শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে সহায়ক পরিবেশ বজায় রয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় মোতায়েনকৃত সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, জনদুর্ভোগ লাঘব এবং দায়িত্ব পালনে সংযম ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
জানা গেছে, গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও সড়কপথে পর্যায়ক্রমে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের এসব সদস্য ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!

অন্যদিকে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন, নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন এবং মাদারীপুর আনসার ব্যাটালিয়ন থেকে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। তারা চাষাঢ়া মোড়, শিবু মার্কেট-ফতুল্লা স্টেডিয়াম ও কাঠের পুল, বিসিক এবং কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রয়োজনীয় রায়ট কন্ট্রোল সরঞ্জামসহ মোতায়েনকৃত সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পকারখানা, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংবেদনশীল এলাকা এবং ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যানবাহন ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সদস্যরা সক্রিয় রয়েছেন। মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করতে বাহিনীর গোয়েন্দা ইউনিট সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রেখেছে। একই সঙ্গে স্থানীয় আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবী সদস্যরাও প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করছেন। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রিজার্ভ জনবল, যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা ও তত্ত্বাবধানে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট সরাসরি দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয় করছেন। সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক এবং সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টরা। নারায়ণগঞ্জে জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে এবং সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সমন্বয়ে মোতায়েনকৃত সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়।

















