ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পর এবার বিনোদনজগতে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফুটবলনির্ভর এই নাট্যধর্মী সিরিজে নিজের চরিত্রেই অভিনয় করবেন ৪১ বছর বয়সী এই তারকা। শুধু অভিনয় নয়, সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বেও রয়েছেন তিনি। এতে ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি এবং ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইসকেও দেখা যাবে।
মাঠের বাইরেও নিজের ব্যবসা ও বিনিয়োগের পরিধি বাড়াচ্ছেন রোনালদো। সেই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে যৌথভাবে বিনোদনজগতে যাত্রা শুরু করেছেন তিনি। এ লক্ষ্যে তারা প্রতিষ্ঠা করেছেন ‘ইউআর মার্ভ স্টুডিওস’। প্রতিষ্ঠানটির প্রথম দিকের বড় প্রকল্প হিসেবে নির্মিত হচ্ছে ‘ডে ওয়ানস’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ৬৮ কোটি ১০ লাখ অনুসারীর সঙ্গে সিরিজটির নির্মাণ শুরুর খবরটি ভাগ করে নেন রোনালদো। সেখানে তিনি লেখেন, তার প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে এবং সামনে আরও চমক অপেক্ষা করছে।
হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

নিজের পোস্টের সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন এই ফুটবল তারকা। একটি ছবিতে ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইসের পাশাপাশি ব্রিটিশ র্যাপার ডেভকেও দেখা গেছে। তারাও সিরিজটির অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন।

পর্তুগালের সংবাদমাধ্যম ‘এ বোয়া’র তথ্য অনুযায়ী, ‘ডে ওয়ানস’ নির্মাণের অনুমোদন দিয়েছে প্যারামাউন্ট প্লাস। প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হওয়ার পর স্ট্রিমিং প্ল্যাটফর্মটির বড় প্রকল্পগুলোর মধ্যে এটি অন্যতম।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ‘ডেডলাইন’ জানিয়েছে, ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে একজন প্রতিভাবান ফুটবলারের জীবন ও স্বপ্নকে ঘিরে। গল্পের কেন্দ্রীয় চরিত্রটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলার স্বপ্ন পূরণ করে। তবে সাফল্য, খ্যাতি ও অর্থের পেছনে ছুটতে গিয়ে সে যেন নিজের পুরোনো বন্ধুদের ভুলে না যায়, সেটিই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। কারণ, খ্যাতি পাওয়ার অনেক আগে থেকেই বন্ধুরা তার পাশে ছিল।
সিরিজটির মূল ভাবনা প্রযোজক ড্যারেন ডেইনের। প্রথম পর্ব পরিচালনা করবেন ম্যাথু ভন। এ ছাড়া ‘বোরাত’ সিনেমার জন্য পরিচিত বাফটা পুরস্কারজয়ী নির্মাতা ড্যান মেজার প্রোডাকশন ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।
‘কিংসম্যান’ সিরিজ, ‘স্টারডাস্ট’ ও ‘লেয়ার কেক’-এর মতো সিনেমা নির্মাণ করে পরিচিতি পাওয়া ম্যাথু ভন রোনালদোর সঙ্গে এই যৌথ উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার মতে, নতুন প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর জন্য ‘ডে ওয়ানস’ একটি উপযুক্ত প্রকল্প। ফুটবলে অসংখ্য রেকর্ড গড়া রোনালদো বিনোদনজগতেও নতুন সাফল্য অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
অন্যদিকে, নতুন এই উদ্যোগ নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদোও। তিনি বলেন, তার পুরো জীবনজুড়েই রয়েছে ফুটবল। তবে মাঠের বাইরেও খেলাটিকে ঘিরে অসাধারণ অনেক গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে ফুটবলের ভিন্ন একটি দিক পর্দায় তুলে ধরতে পেরে তিনি গর্বিত। তার বিশ্বাস, সিরিজটির গল্প শুধু ফুটবলপ্রেমীদের নয়, বরং সব শ্রেণির দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।
বিনোদনজগতে নিজের প্রথম এই যাত্রায় ম্যাথু ভনকে বন্ধু ও অংশীদার হিসেবে পাশে পাওয়া এবং থিয়েরি অঁরির মতো একজন কিংবদন্তি ফুটবলারকে যুক্ত করতে পারাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন রোনালদো।
সব মিলিয়ে ফুটবল মাঠের বাইরেও নিজের প্রতিভা ও জনপ্রিয়তাকে নতুনভাবে তুলে ধরতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার দেখার বিষয়, ফুটবলের মতো বিনোদনজগতেও তিনি কতটা সাফল্য অর্জন করতে পারেন।

















