নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক ইলেকট্রিক বাস সার্ভিস’। প্রাথমিকভাবে গোলাপি রঙের ৩০টি বৈদ্যুতিক বাস নিয়ে এ সেবা চালুর পরিকল্পনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আগামী তিন মাসের মধ্যে বাস সার্ভিসটি চালু হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। চীন থেকে বাসগুলো আমদানির দায়িত্ব দেওয়া হতে পারে হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলাকে (এইচআইটি)। এর আগে ইসলামাবাদের বিদ্যমান বৈদ্যুতিক বাস সার্ভিসের জন্য ১৬০টির বেশি বাস সংগ্রহেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।
বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। সিডিএর ঠিকাদারের মাধ্যমে পরিচালিত এসব বাসে যাত্রীদের সাড়াও বেশ ইতিবাচক। তবে ব্যস্ত সময়ে বাসে পর্যাপ্ত জায়গা না পাওয়ায় নারী ও কিশোরীদের যাতায়াতে ভোগান্তির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ সমস্যা সমাধান এবং নারীদের জন্য আলাদা গণপরিবহন সুবিধা নিশ্চিত করতেই বিশেষ পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন হামলার অপেক্ষা নয়, আগেই জবাব দেবে ইরান!

সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে বোর্ডের অনুমোদন নিতে সংশ্লিষ্ট বিভাগকে একটি সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে বাস আমদানির জন্য হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রাথমিকভাবে ইসলামাবাদের বিদ্যমান বৈদ্যুতিক বাসের রুটগুলোতেই পিংক বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় পরবর্তী সময়ে নতুন রুটও যুক্ত করা হতে পারে। যত দ্রুত সম্ভব এ সেবা চালুর লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের। আগামী তিন মাসের মধ্যে বাসগুলো রাস্তায় নামতে পারে বলে আশা প্রকাশ করেছেন ওই কর্মকর্তা।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশেও চালু হয়েছে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’। চলতি বছরের ১৮ আগস্ট ঢাকায় এ সেবা চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা।
সূত্র: ডন
















