নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে বরগুনায় এক বৃদ্ধের সঙ্গে তাঁর নাতি জামাইয়ের বিরোধের ঘটনা ঘটেছে। নামাজ পড়তে বলায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন নামের ওই বৃদ্ধ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় অভিযোগটি দায়ের করেন তিনি। অভিযুক্ত রব্বানী গাজী পনু গাজীর ছেলে। তিনি সম্পর্কে অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই।
অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাড়ির পাশেই বসবাস করেন অভিযুক্ত রব্বানী গাজী। লিখিত অভিযোগে সোহরাব হোসেন দাবি করেন, রব্বানী বেপরোয়া জীবনযাপন করেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন না।
চিকিৎসায় অবহেলায় মৃত্যু, পাঁচ মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তিনি নাতি জামাইকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে রব্বানী ক্ষিপ্ত হয়ে তাঁর হাতের লাঠি কেড়ে নেন এবং সেটি ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন বৃদ্ধ।
সোহরাব হোসেন জানান, বার্ধক্যের কারণে বর্তমানে তাঁর স্বাভাবিকভাবে চলাফেরা করতে বেশ কষ্ট হয়। এমন অবস্থায় হাতের লাঠি ভেঙে দেওয়ার ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় কথা বলার কারণেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন এই বৃদ্ধ।
এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাওলানা সোহরাব হোসেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

















