জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে তিনি এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
সংসদে বক্তব্যে নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর সহযোগীরা সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
নাজিবুর রহমান বলেন, রাহেদুল ইসলাম রঞ্জু বারবার নিজের পরিচয় দিয়ে জানিয়েছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের একজন সদস্য। এরপরও তাঁকে জোর করে গাড়ি থেকে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

এ ঘটনায় সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর ওপর এমন হামলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্য প্রত্যাশা করেছিলেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও চান তিনি।
নাজিবুর রহমান আরও বলেন, দেশে মব ও সহিংসতার বিরুদ্ধে কথা বলা হলেও এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রত্যাশা করেছিলেন তাঁরা।
এ সময় তিনি আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের কার্যকর ভূমিকা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
















