ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে দলটি ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়েছে, আর ক্ষমতার বাইরে গিয়ে দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে না পারাকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায়। আর ক্ষমতার বাইরে থাকলে নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয়। বর্তমানে তারা সেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

আখতার হোসেন আরও বলেন, ২০২৪ সালের আগে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে গুম ও নির্যাতন করেছে। দেশে গণহত্যার ঘটনাও ঘটিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং মুজিববিরোধী আন্দোলনের সময়কার সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ও অল্প কয়েক দিনের মধ্যে বহু মানুষকে গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দেশে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনার নিজে থেকে দেশে আসার বিষয়টি মুখ্য নয়; বরং প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া সাজা কার্যকর করা জরুরি। এ দায়িত্ব বর্তমান সরকারের।
তিনি বলেন, এক বছর আগে এই দিনে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল। কিন্তু রায় ঘোষণার এক বছর এবং বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের নয় মাস পার হলেও তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের বিষয়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি।
ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, ভারত সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে, যা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হলে ভারতকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রতি সহানুভূতির অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতকে গুরুত্ব দিতে হবে।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
















