সালমান ফারসী, সুনামগঞ্জ:
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও নৈরাজ্য দেশের শান্তি, স্থিতিশীলতা এবং স্বাভাবিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার না করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে অপতৎপরতা মোকাবিলার আহ্বান জানান তারা।
তারা বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত রাখবেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















