সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ও রাতে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপাড়া এবং পাকিজা মোড় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ও ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. আ. মুত্তালিব সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সাভারের বক্তারপুর বেদেপাড়া এলাকায় অভিযান চালান। সেখান থেকে সোহাগীকে (২৩) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার সোহাগী গোপালগঞ্জ সদর থানার লক্ষ্মীপুর তারগঞ্জ এলাকার নিয়ামত মোল্লার মেয়ে ও মিরাজ মোল্লার স্ত্রী। তিনি বর্তমানে সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় করিম পালোয়ানের বাড়িতে ভাড়া থাকেন।
অপরদিকে একই দিন রাত ৯টা ১০ মিনিটের দিকে এসআই মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সাভারের পাকিজা মোড় এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করেন। সেখান থেকে মো. সাব্বির হোসেন রানাকে (৪৯) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৩২ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার সাব্বির বরিশালের আগৈলঝাড়া থানার চান্দু চাপ্রিশিরা বাগদা এলাকার মৃত সাখাওয়াত হোসেন ওরফে বাবুল বখতিয়ারের ছেলে। তিনি বর্তমানে সাভারের ইমান্দিপুর এলাকায় হযরত আলীর বাসায় ভাড়া থাকেন।
মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামিদের মধ্যে সোহাগী এবং সাব্বির হোসেন রানার বিরুদ্ধে আগে থেকেই একটি করে মাদক মামলা রয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

















