ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদের মাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম মাইকে ঘোষণা দেন, ফ্যামিলি কার্ড পেতে হলে বুধবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে রুবেলের দোকানে যেতে হবে। এ ঘোষণা শুনে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় ভোর থেকেই এলাকার শতাধিক দরিদ্র ও অসহায় নারী দোকানটিতে ভিড় করেন।
রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

ভুক্তভোগী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, দোকানে যাওয়ার পর তাঁদের কাছ থেকে ২০০ টাকা নিয়ে একটি করে গ্রামীণফোনের সিম দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, ওই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযুক্ত রুবেল মিয়া মাইকিং করার বিষয়টি স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের কথা বলার বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি, মসজিদের ইমাম ঘোষণা দেওয়ার সময় ভুল করেছেন। তবে স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান এ দাবি নাকচ করে বলেন, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতেই রুবেল মিয়া তাঁকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আচারগাঁও গ্রামের সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত রুবেল মিয়া আগেই সেখান থেকে সরে যান।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ জানান, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় কারও সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আটক ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
















