নারায়ণগঞ্জে এবার দুর্বৃত্তদের অগ্নিসংযোগের শিকার হয়েছে খড়বোঝাই একটি ট্রাক। ভোররাতে রাস্তার পাশে ট্রাক রেখে ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আগুনে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেলেও প্রাণে রক্ষা পান চালক ও হেলপার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে খড়বোঝাই করে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে পৌঁছায়। খড় নামানোর অপেক্ষায় চালক ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করান। পরে চালক ও হেলপার ট্রাকের ভেতরেই ঘুমিয়ে পড়েন।
যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!

এরপর ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকটিতে আগুন জ্বলতে দেখতে পান। তিনি দ্রুত চালককে ডেকে বিষয়টি জানান। ওই নারী জানান, কিছুক্ষণ আগেই একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
আগুনের বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে যান। এরপর রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জসিমউদ্দীন জানান, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় চালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, ভোররাতে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
















