দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের দাপট। রাত ও ভোরে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা, বইছে হিমেল বাতাস। সকালে ঘাসের ওপর জমছে শিশিরবিন্দু। এরই মধ্যে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এমনকি ডিসেম্বর মাসে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই পঞ্চগড়ে তাপমাত্রার ওঠানামা চলছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যদিকে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের আলো থাকায় তুলনামূলক গরম অনুভূত হয়। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বদলে যায় আবহাওয়া। বাড়তে থাকে ঠান্ডার তীব্রতা। রাতে লেপ-কম্বল ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীতের অনুভূতি বেশি হচ্ছে।
পঞ্চগড়ের গলেহাহাট এলাকার বাসিন্দা রমিস উদ্দিন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, ঘরে ফ্যানও চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।
আরেক স্থানীয় বাসিন্দা জানান, কয়েক দিন আগেও রাতে এতটা ঠান্ডা অনুভূত হতো না। এখন ভোরে বাইরে বের হলেই শীত লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এই সময়ে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকায় দিনের বেলায় তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও রাত ও ভোরে শীত বেশি অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে পঞ্চগড়ের তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। বিশেষ করে ডিসেম্বর মাসে এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে নভেম্বরের শেষভাগেই পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। তাপমাত্রা কমতে থাকায় স্থানীয় বাসিন্দারাও আগাম শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন। আলমারি থেকে বের হচ্ছে সোয়েটার, জ্যাকেটসহ শীতের পোশাক। এখন ডিসেম্বরের অপেক্ষায় উত্তরাঞ্চলের মানুষ, যখন শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
















