পতিত ফ্যাসিস্টরা আবারও হত্যার রাজনীতি শুরু করে রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসকে প্রাধান্য দিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছিল। একই সঙ্গে দেশে গুম, খুন ও ক্রসফায়ারের রাজনীতিও প্রতিষ্ঠিত হয়েছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসই তুলে ধরা হয়েছিল। এর মাধ্যমে দেশের প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও ইতিহাসে খাটো করে উপস্থাপন করা হয়েছিল।
লালমনিরহাটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

তিনি বলেন, মানুষ সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ সহাবস্থান চায়। কিন্তু অতীতে দেশে গুম, খুন ও ক্রসফায়ার ছিল নিয়মিত ঘটনা। এখন আবারও হত্যার রাজনীতি শুরু হয়েছে। পতিত ফ্যাসিস্টরা রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরে আসতে চায়।
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, দেশে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তবে এই যাত্রাকে ব্যাহত করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে এসব ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
















