গাজীপুরের কালিয়াকৈরে পোশাক ও শিল্পকারখানার শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। একই সঙ্গে বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম না বাড়াতে বাড়ির মালিক ও ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা ফ্লাইওভারের নিচে উপজেলা বিএনপি, কালিয়াকৈর পৌর বিএনপি ও শ্রমিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা ও কালিয়াকৈর পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংসারের ব্যয় মেটাতে শ্রমিকদের দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরে মো. মুজিবুর রহমান বলেন, ‘সরকার আপনাদের দুঃখ-কষ্ট বুঝেছে এবং আপনাদের দাবি মেনে নিয়েছে। আপনাদের সুন্দর বেতন বাড়িয়েছে। ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। আপনাদের ঘামঝরা শ্রমের মূল্য দিতে সরকার বদ্ধপরিকর। তাই কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আপনাদের শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাওয়া উচিত। আপনারা সুন্দর করে কাজে যোগদান করেন।’
শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যে কারখানা আপনাদের অন্ন জোগায়, সেই কারখানায় কোনো শ্রমিক হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। শ্রমিকের ছদ্মবেশে পতিত আওয়ামী লীগের লোকজন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এই অপশক্তি চায় না শ্রমিকরা ভালো থাকুক বা দেশের অর্থনীতি সচল থাকুক। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান করা হবে।’
বেতন বাড়ার পর বাড়িভাড়া বাড়িয়ে দেওয়ার প্রবণতা বন্ধের নির্দেশ দিয়ে সংসদ সদস্য বলেন, ‘শ্রমিকদের প্রতি মানবিক ও সহনশীল হতে হবে। কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না। গাজীপুর-১ আসনের কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকার কোনো বাড়ির মালিক একটা টাকাও বাড়িভাড়া বৃদ্ধি করতে পারবেন না।’
হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘যদি কেউ ভাড়া বাড়ান, তবে আমরা ধরে নেব শ্রমিকদের বর্ধিত ৪ হাজার ৫০০ টাকা আপনারা পকেটস্থ করতে চাচ্ছেন। শ্রমিক ভাই-বোনেরা, বর্ধিত ভাড়া আপনারা এক টাকাও পরিশোধ করবেন না। কেউ জোর করলে প্রয়োজনে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, বিএনপির নেতা, ইউএনও কিংবা ওসিকে জানাবেন। সর্বোপরি আপনাদের পাশে সংসদ সদস্য হিসেবে আমি রয়েছি।’
কাঁচাবাজার ও মুদি দোকানে পণ্যের দাম না বাড়ানোর নির্দেশ দিয়ে মো. মুজিবুর রহমান বলেন, ‘অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে শ্রমিকদের ওপর পণ্যের অতিরিক্ত মূল্য চাপিয়ে দিতে পারবেন না। সারা দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করা এই মানুষগুলো বর্ধিত বেতন হাতে পেয়ে যাতে নিজের ও পরিবারের জন্য সুন্দরভাবে ব্যয় করতে পারেন, সন্তানের মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারেন এবং বাজারে কিছুটা স্বস্তি পান, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’
সভায় কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘শ্রমিকরা আমাদের ভাই-বোন, তারাই কালিয়াকৈরের প্রাণ। তাদের দাবি যৌক্তিক, তাদের কষ্ট আমরা বুঝি। কিন্তু দাবির নামে রাস্তা বন্ধ করে, কারখানা বন্ধ করে, ভাঙচুর করে দেশের ক্ষতি করা চলবে না। আমরা চাই, কারখানা চলুক, শ্রমিক বাঁচুক, কালিয়াকৈর বাঁচুক।’
বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমপি মহোদয় যে ঘোষণা দিয়েছেন, তা কালিয়াকৈর পৌরসভার প্রতিটি মহল্লায় বাস্তবায়ন করতে হবে। কোনো বাড়িওয়ালা যদি ভাড়া বাড়ান, কোনো দোকানদার যদি অযৌক্তিক দাম নেন, তাহলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। শ্রমিকের বর্ধিত বেতন শ্রমিকের হাতেই থাকবে। পৌরসভা হিসেবে আমরা শ্রমিকদের পাশে আছি, থাকব।’
তিনি আরও বলেন, ‘আমি পৌরবাসীকে কথা দিচ্ছি, পৌরসভায় শান্তি, শৃঙ্খলা ও মানবিকতা ফিরিয়ে আনতে আমি শ্রমিক, মালিক ও বাড়িওয়ালা সবার সঙ্গে বসে সমস্যার সমাধান করব। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কেউ শ্রমিকের ওপর জুলুম করতে পারবে না।’ তার বক্তব্যে উপস্থিত শ্রমিক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সভায় মো. মুজিবুর রহমান জানান, বর্ধিত মজুরি ঘোষণার পর ইতিমধ্যেই কালিয়াকৈরের প্রায় ৮০ শতাংশ মিল-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন শুরু হয়েছে। বাকি শ্রমিকরাও দ্রুত কাজে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আন্দোলনের জেরে কোনো নিরীহ শ্রমিক যাতে হয়রানি বা চাকরিচ্যুতির শিকার না হন, সে বিষয়ে মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে সরকার ও বিএনপির পক্ষ থেকে সার্বক্ষণিক দেখভাল করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কালিয়াকৈরের শিল্পশ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন বলে জানান সংসদ সদস্য। দ্রুত এর নির্মাণকাজ শুরু হয়ে আগামী জুনের মধ্যেই দৃশ্যমান বাস্তবায়ন দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এতে শ্রমিকদের চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না বা অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রাখতে হবে না বলে উল্লেখ করেন তিনি।
শিল্পকারখানাগুলোকে নাশকতা, অগ্নিসংযোগ ও লুটপাটের হাত থেকে রক্ষা করতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকার কর্মসূচি নিয়েছে বলে জানান এমপি। এ লক্ষ্যে পুরো কালিয়াকৈরকে সাতটি জোনে ভাগ করে দলের নেতাকর্মীরা প্রতিদিন অবস্থান নেবেন এবং শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে তিনি উল্লেখ করেন।
সবশেষে শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক, মালিক, বাড়িওয়ালা এবং ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন মো. মুজিবুর রহমান।
শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান এমপি মুজিবুরের, বাড়িভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি

বজ্রশক্তি ডেস্ক

















