আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নেওয়া সম্ভব না হলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ, সহানুভূতি ও দায়িত্বশীল আচরণের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করা গেলে একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে এবং তাদের কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত।
মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

প্রাণীর প্রতি সহমর্মিতা প্রকাশের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা কিংবা কষ্ট দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।
শিশু-কিশোরদের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, মানুষের পাশাপাশি আমাদের চারপাশের প্রতিটি প্রাণীরও বেঁচে থাকার অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা তৈরি করা গেলে এমন একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে। এর মাধ্যমে প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানও নিশ্চিত হবে।
এর আগে অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
















