বিভেদ নয়, সম্প্রীতি; বিদ্বেষ নয়, সহাবস্থান -এমন একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা। সভায় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হারুন জিলানী সরকারকে আহ্বায়ক এবং সাংবাদিক শফিউল আলম সম্রাটকে সদস্যসচিব করে ৬১ সদস্যবিশিষ্ট শেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরপুর প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে ‘উগ্রবাদের কবলে বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উগ্রবাদ, মব সন্ত্রাস ও সামাজিক বিভাজনের নেতিবাচক চিত্র তুলে ধরা হয়।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এসএম সামছুল হুদা। তিনি বলেন, একটি মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সমাজ থেকে সব ধরনের বিদ্বেষ ও উগ্রবাদ দূর করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহানগর কো-অর্ডিনেটর আশিক মাহমুদ স্বাগত বক্তব্যে বলেন, নিরাপদ সমাজব্যবস্থা গড়ে তুলতে মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রয়োজন। এ আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি।
মুক্ত আলোচনায় ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা বলেন, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ সমাজের স্বাভাবিক সহাবস্থানকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা ও ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
আলোচনা সভায় শেরপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এর ধারাবাহিকতায় হারুন জিলানী সরকারকে আহ্বায়ক এবং সাংবাদিক শফিউল আলম সম্রাটকে সদস্যসচিব করে ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত ব্যক্তিরা নতুন এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর কবির এনামুল। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ অ্যাডভোকেট মুকলেছুর রহমান আকন্দ, অধ্যাপক ড. সুধাময় দাস, জামালপুর জেলা শাখার সদস্যসচিব রোজিনা আক্তার, সাবেক কাউন্সিলর ও জেলা বাউল সমিতির সভাপতি হারুন জিলানী সরকার, সাংবাদিক শফিউল আলম সম্রাটসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

















