জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাহিনীর প্রতিযোগীরা ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক অর্জন করেছেন।
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিভিন্ন জেলা দল, বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জিম ও শরীরগঠন প্রতিষ্ঠানের ১৪৩টি ক্লাব ও প্রতিষ্ঠান থেকে ৩০০-এর অধিক প্রতিযোগী অংশ নেন। মোট ১২টি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপির প্রতিযোগীরা তাদের শারীরিক সক্ষমতা, পেশির গঠন, নৈপুণ্য ও প্রস্তুতির পরিচয় দেন। তাদের সম্মিলিত সাফল্যে পদক তালিকায় শীর্ষস্থান লাভের মধ্য দিয়ে ক্রীড়াক্ষেত্রে বাহিনীর সাফল্যের ধারায় আরেকটি অর্জন যুক্ত হলো।
মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিয়মিত সাফল্য ধরে রেখেছে। জাতীয় পর্যায়ের এ অর্জন বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও নিয়মিত ক্রীড়াচর্চার প্রতিফলন ঘটিয়েছে।

















