নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার তাড়াহুড়া করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে ধরা পড়তে হবে। একই সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
নোট-গাইড প্রকাশকদের উদ্দেশে তিনি বলেন, ‘গাইড বইওয়ালারা একটু সাবধানে থাকবেন। তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপাবেন না। এবার কিন্তু ধরা খাবেন, নিশ্চিত বলে দিচ্ছি, ধরা খাবেন।’
আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সনদ দেওয়ার জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। বরং সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এর মূল লক্ষ্য। নানা কারণে যাঁরা শিক্ষাজীবন শেষ করতে পারেননি, তাঁদের আবার পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনীয় সুযোগ তৈরি করে দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে বেগম খালেদা জিয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে বয়সের বাধা পেরিয়ে অনিয়মিত শিক্ষার্থীরাও শেখার সুযোগ পান। শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টিকে আরও উন্নত ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ ক্ষেত্রে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরিতে সম্প্রতি ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরের বিষয়টিও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন। এ সময় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য নয় শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
















