ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে চলমান জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। বাংলাদেশের তরুণদের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রশংসা করে তিনি বলেছেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে। একই সঙ্গে দুই দেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন নেহা বোরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের ফেসবুক পেজে ভিডিও বার্তাটি প্রকাশ করে।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতে বর্তমানে বিভিন্ন জায়গায় যে জেন-জি আন্দোলন দেখা যাচ্ছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং আন্দোলনের পথ দেখানোর জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আবারও ইরানের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের!
নেহা বোরা বলেন, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। ভারতে বর্তমানে যে বিক্ষোভ চলছে, তার লক্ষ্যও একই। তাঁর মতে, দুই দেশের তরুণদের আন্দোলনের উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ মিল রয়েছে।
বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের লড়াইয়ের প্রসঙ্গ তুলে নেহা বোরা বলেন, ভারতের তরুণেরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন থেকে অনুপ্রেরণা নেওয়ার কথাও উল্লেখ করেন।
বাংলাদেশের শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আইসার এই নেত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ক্রমবর্ধমান হুমকি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা দমনের চেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের প্রবণতার মিল রয়েছে।
বাংলাদেশি তরুণদের উদ্দেশে নেহা বোরা আরও বলেন, তাঁরা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করছেন। বাংলাদেশের আন্দোলন থেকে তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন এবং অনেক কিছু শিখেছেন। দুই দেশের তরুণেরা একসঙ্গে কাজ করলে একটি উন্নত ও সুন্দর দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতের জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা। নির্বাচনী সংস্কার, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি।
















